রাজশাহী বিশ্ববিদ্যালয়: মার্কেটিং বিভাগের শিক্ষককে হত্যা চেষ্টার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদুল ইসলাম পিন্টুকে মঙ্গলবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মার্কেটিং বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে তাকে হত্যা চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন। অভিযোগকারী শিক্ষক এ ব্যাপারে বুধবার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি জিডি করেছেন।
জিডি সুত্রে জানা জেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শিক্ষক পিন্টু রাবির জুবেরী ভবন থেকে তার উপশহরের বাসার উদ্দেশ্যে রওনা হন। বিশ্ববিদ্যালয় কাজলা গেটে আসলে দু’জন অজ্ঞাত ব্যক্তি তাকে অনুসরণ করে। তার মনে সন্দেহ হলে ভয়ে তিনি তার বিভাগীয় এক ছাত্রকে সঙ্গে নেন। তারা রাজশাহী রেল স্টেশনের কাছাকাছি আসার পর দুটি মটর সাইকলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাদের তাদের রিকশার গতিরোধ করে। শিক্ষক পিন্টু দাবি করেন তাদের সকলের সঙ্গেই অস্ত্র ছিল। ভয়ে তিনি তার ছাত্রকে সঙ্গে নিয়ে রিকশা থেকে নেমে দৌড় দেন। এ সময় অস্ত্রধারীরা তাদের পিছু নিলে তারা পুকুরে ঝাপ দিয়ে সাঁতরে একটি বাড়িতে আশ্রয় নেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।
পরে রাবি প্রক্টর অধ্যাপক ড.এনামুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহিদ হোসেন মিলকী ও নগরীর বোয়ালিয়া থানা পুলিশ রাত ১২ টার দিকে শিক্ষক পিন্টুকে উদ্ধার করেন। শিক্ষক পিন্টু বুধবার মহানগরীর বোয়ালিয়া থানায় একটি জিডি করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযোগকারী শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি দাবি করেন, বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে কেউ তাকে হত্যা চেষ্টা করতে পারে।
রাবি প্রক্টর ড. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
