রাজধানীর শাহআলীবাগে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
রাজধানীর শাহআলী থানা এলাকায় মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী হাজী মনিরুদ্দিন (৩০) কে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত মনির আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শাহ আলী থানা শাখার সহ - সভাপতি এবং নীড় গার্মেন্টসের মালিক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মনির বিকেল সাড়ে তিনটার দিকে তার বন্ধু মানিক, রিয়াজ ও সিকান্দারের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময় দুটি মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা ওই স্থানে এসে তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে মনিরের মাথায় গুলি লাগে। দুর্বৃত্তরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এসময় রিক্সাচালক সেলিম (৩৫) গুলিবিদ্ধ হয়।
হাজী মনিরুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।
