২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যা মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরোর প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে মঙ্গলবার এ অভিযোগ গঠন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

মামলার জামিনে থাকা ছয় আসামি নিজেদের নির্দোষ দাবি করলে বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২২ আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এ মামলার চার আসামি পলাতক রয়েছেন।

দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় গঠন করা এ চার্জে বলা হয়েছে, সাংবাদিক গৌতম দাস আসামিদের বিভিন্ন অপকর্ম সম্পর্কে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করে। সে অনুযায়ী আসামিরা গত বছরের ১৭ নভেম্বর দুপুর ২টার মধ্যে যে কেনো সময় সমকালের ফরিদপুর ব্যুরো অফিসে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

মামলার চার্জশিটে বলা হয়েছে, ফরিদপুরের মুজিব সড়কের সংস্কার কাজের সঙ্গে জড়িত এই আসামিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত গৌতম ফরিদপুরের একমাত্র সাংবাদিক যিনি মামলার আসামি বুলু - মুরাদ বাহিনীর গাড়ি চুরির তথ্য, তাদের অস্ত্রের ভাণ্ডার, বিভিন্ন হত্যার তথ্য  নিয়ে রিপোর্ট করেন। সেজন্য তাকে হত্যা করা হয়।