দিনাজপুরে এসিড নিক্ষেপ মামলায় একজনের যাবজ্জীবন
দিনাজপুরে এসিড নিক্ষেপ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
দিনাজপুরের জেলা ও দায়রা জজ এবং এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সৌমেন্দ্র সরকার সোমবার মামলার এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামীর নাম মো. লাজিম হোসেন। তিনি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চিন্তামন গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।
মামলার তথ্য অনুযায়ী, আসামী লাজিম হোসেন ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে ২০০৪ সালের ২৬ জুন গভীর রাতে স্ত্রী নিলুফা পারভীনকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর নিলুফা পারভীনের ভাই মো. নবীউল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন।
সরকার পক্ষে পিপি আবদুস সাঈদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রশিদ মামলা পরিচালনা করেন
