নীলফামারীতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার এক আসামি গ্রেপ্তার
নীলফামারীতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি হাবিবুর রহমার হাবিবকে পুলিশ সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী থানার ওসি সোহরাব আলী স্থানীয় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হাবিবকে গ্রেপ্তার করে। তার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার আলমবিদিতর ইউনিয়নের কচুয়া নোহালী গ্রামে।
নীলফামারী ডিবি পুলিশ গত ৯ আগস্ট ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় ছয় আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তাদের মধ্যে চার জঙ্গি জেল হাজতে আটক থাকলেও সিরাজুল ইসলাম ওরফে সিরাজ ও হাবিব পলাতক ছিল।
প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট নীলফামারী ডিসি অফিস এবং জেলা দায়রা জজ আদালতসহ সাতটি স্থাপনায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
