২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ২, পঞ্চগড় ও বেনাপোল সীমান্তে কড়াকড়ি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বৈরচুনা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে দুজন বাংলাদেশী নিহত ও একজন আহত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতরা হচ্ছেন, শহিদুল ইসলাম (৩৬) ও সুখমল (৪০), আহত হয়েছেন বাদশা মিয়া (২০)।

বিএসএফ লাশ দু’টি তাদের এলাকায় নিয়ে গেছে। তবে আহত বাদশা পালিয়ে আসতে সক্ষম হয়েছে।

জানা যায়, সোমবার ভোর ৪ টার দিকে উপজেলা বৈরচুনা সীমান্তের ৩৩৫/৪ এস পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে ঘোরাঘুরি করার সময় বিএসএফ তিনজনকে লক্ষ্য করে নয় রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শহিদুল এবং সুখমল মারা গেলে বিএসএফ তাদের লাশ নিয়ে যায়।

আহত বাদশা মিয়াকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সীমান্ত গ্রামে আতঙ্ক বিরাজ করছে। সমগ্র এলাকায় বিডিআর রেড এলার্ট জারি করেছে।

পঞ্চগড় থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, ভারতের স্বাধীনতা দিবসে নাশকতা প্রতিরোধে পঞ্চগড় জেলার ১২৫ কিলোমিটার সীমান্ত এলাকায়ও বিএসএফ নিরাপত্তা জোরদার করেছে। বিডিআরও পাহারা জোরদার করেছে। রাতের বেলায় সীমান্ত এলাকাগুলোতে সার্চ লাইট জ্বালিয়ে পর্যবেক্ষণ কাজ অব্যাত রেখেছে বিএসএফ। সন্দেহজনক মনে হলেই তল্লাশি চালানো হচ্ছে। এতে করে সাধারণ লোকজনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।

বিডিনিউজের বেনাপোল প্রতিনিধি জানান, যশোরের বেনাপোল সীমান্তেও আতঙ্ক বিরাজ করছে। বিএসএফ এর রেড এলার্টের মেয়াদ ১৬ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে।

বিডিআর সীমান্তবর্তী পুকুর ও নদীতে বাংলাদেশীদের গোসল ও মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ও ১৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল সীমান্ত পথে ভারত - বাংলাদেশের মধ্যে আমদানী - রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গেছে।