নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২, আহত ২
ঢাকা- সিলেট মহাসড়কে শনিবার রাতে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছে।
নরসিংদী সদর উপজেলার বানেরগাঁও নামক স্থানে রাত সাড়ে ১০টায় সিলেটগামী একটি ভলভো বাস একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী জেলা যুবলীগ নেতা রেফায়েতউল্লা মোক্তার (৪১)ও মাইক্রো চালক ফকরুল(২৫)।
জানা গেছে, শনিবার রাতে যুবলীগ নেতা মোক্তার শিবপুর উপজেলার দুলালপুর থেকে ছোটো ভাই পলক (৩৮) এবং ভাইয়ের স্ত্রী নিপু বেগমকে (৩০) নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় মাইক্রোবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে চালকসহ মাইক্রোবাস আরোহীরা মারাত্মক আহত হয়।
আহতদের ঢাকায় নেওয়ার পথে যুবলীগ নেতা এবং গাড়ী চালক মারা যান।
আহত পলক ও তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
