২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী, হবিগঞ্জ ও ইবি'তে ছাত্র সংঘর্ষে ৪৫ জন আহত

নোয়খালীর চৌমুহনী বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার ছাত্রদল--ছাত্রলীগ -- শিবির কয়েক দফা সংঘর্ষে ৩০ জন এবং হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে ছাত্রদল -- ছাত্রলীগ সংঘর্ষে ১৫ জনসহ মোট ৪৫ জন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতিকে কটুক্তি করার ঘটনায় শিবির ক্যডাররা টিএসসিসির পরিচালকের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করে।

বিডিনিউজের নোয়খালী প্রতিনিধি জানান, নোয়াখালীর চৌমুহনী বিশ্ববিদ্যালয় কলেজে শনিবার ছাত্রদল -- ছাত্রলীগ ও শিবির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ৩০ জন আহত হয়। ঘটনার পর কলেজের স্টাফ কাউন্সিলের এক জরুরি সভায় তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, একাদশ শ্রেণীর নবীণ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শনিবার সকাল ১১ টার দিকে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করলে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পেছন থেকে হামলা চালায়।

উভয়ের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রলীগ ও শিবিরের ১৭ জন নেতাকর্মী আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাস ও চৌমুহনী বাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজের হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজে শনিবার আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুনারুঘাট সরকারি কলেজে সকাল ১১ টার দিকে নবাগতদের স্বাগত জানিয়ে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল বের করলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মিছিল দুটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় ছাত্রলীগের মিছিলে ঢিল ছোড়া হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় সংগঠনের ১৫ নেতা-কর্মী আহত হয়।

ঘটনার পর উপজেলা সদরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

বিডিনিউজের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিকে কুটক্তি করাকে কেন্দ্র করে শনিবার দুপুরে শিবির ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি পরিচালকের কার্যালয়ে ব্যাপক ভাংচুর করেছে।

এ সময় ভাঙ্গা কাঁচের আঘাতে টিএসসিসির পরিচালক ড. এয়াকুব আলী, আল কুরআন বিভাগের শিক্ষক শেখ এবিএম জাকির হোসেন, একেএম রাশেদুজ্জামান এবং আরবী বিভাগের মোঃ শফিকুল ইসলাম সামান্য আহত হন।