সাভারে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী আটক
সাভার পৌরসভার টিয়াবাড়ী মহল্লায় শুক্রবার সকালে আফরোজা খাতুন রাজিয়া (২০) নামে তিন মাসের অন্তঃসত্তা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ
অভিযোগ রয়েছে হত্যার পর তার স্বামী লাশ ঝুলিয়ে রাখে।
ঘটনার পর পুলিশ নিহতের স্বামী খলিলুর রহমানকে আটক করেছে।
সূত্র জানায়, আনলিমা নিটিং কারখানার ফিটারম্যান খলিলুর রহমান বৃহস্পতিবার পৌর এলাকার গেন্ডা, টিয়াবাড়ী মহল্লার আব্দুর রউফের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। এলাকাবাসী শুক্রবার সকালে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তিন মাসের অন্তঃসত্তা রাজিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, রাজিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার স্বামী লাশ ঝুলিয়ে রাখে।
নিহত রাজিয়ার খাদিজা আক্তার নামে আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। তার বাড়ী পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর গ্রামে।
এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে।
