ঢাকা অঞ্চলের জন্য ন্যাশনওয়াইড লাইসেন্স ইস্যু করছে বিটিআরসি
বেসরকারি ল্যান্ডফোন সুবিধা নিশ্চিত করতে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলারিটি কমিশন) ঢাকা মাল্টি এক্সচেঞ্জ এলাকার জন্য ন্যাশনওয়াইড লাইসেন্স ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে।
এর আগে ঢাকা অঞ্চলের জন্য বেসরকারি ল্যান্ডফোন পরিচালনাকরীদের লাইসেন্স প্রদানে দরপত্র আহ্বান করা হলেও চারটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করায় প্রক্রিয়াটি মাঝপথে বাধাগ্রস্থ হয়।
বিডিনিউজের কাছে এসব তথ্য তুলে ধরে বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকম অপারেটরস অ্যাসোসিয়েশন (বিটিওএ) জানায়, বিটিআরসি তাদের সাথে আছে এবং এ উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে।
দেশের পাঁচটি অঞ্চলের মধ্যে চারটি অঞ্চলের জন্য ইতোমধ্যে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তারাই ন্যাশনওয়াইড লাইসেন্স পাবে।
চারটি অঞ্চলের জন্য লাইসেন্সপ্রাপ্ত পাবলিক সুইচড টেলিকম নেটওয়ার্ক (পিএসটিএন) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বসুন্ধরা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কস লিমিটেড, র্যাংকস টেলিকম লিমিটেড, টেলিবার্তা লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেড, পিপলস টেলিকম অ্যান্ড ইনফরমেশনাল সার্ভিসেস লিমিটেড এবং স্কয়ার ইনফরমেটিক্স লিমিটেড।
বিটিওএ নেতারা জানান, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কর্মকর্তারা মঙ্গলবার বিষয়টি বিবেচনা করে দেখতে রাজি হয়েছেন এবং বিটিআরসির কাছে তারা শনিবার তাদের প্রস্তাব দাখিল করবেন।
বিটিআরসি এবং বিটিওএর সদস্যদের মতে, হাইকোর্ট দরপত্র প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করলেও কেন্দ্রীয় অঞ্চলে বেসরকারি ল্যান্ডফোন চালু করতে বিকল্প উপায় খুঁজে বের করাটা অপরিহার্য।
