২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

পার্বত্য চট্টগ্রামে ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর আদিবাসীদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বুধবার রাঙ্গামাটিতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 03:58 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি রাঙ্গামাটির উদ্যোগে পৌর মিলনায়তনে আয়োজিত সমাবেশের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ও রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা বিনয় কুমার দেওয়ান।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তির নয় বছর পেরিয়ে গেলেও চুক্তির মৌলিক বিষয়গুলোর বাস্তবায়ন এখনো হয়নি। ফলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা ভূমি অধিকারসহ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী জানান।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি ও বাঙালী বসতি স্থাপনকারীদের পুনর্বাসন করায় ভূমিসহ আদিবাসীদের অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে। আদিবাসীরা নিজ ভূমে আজ পরবাসী হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

কমিটির আহবায়ক ও উপজাতীয় সামাজিক ফোরামের সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ান, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নির্মলেন্দু ত্রিপুরা, মহিলা নেত্রী আরতি চাকমা, দিলীপ বাহাদুর রায় ও মৃণাল কান্তি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন সজীব চাকমা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর মিলনায়তন চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। বিকালে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় আদিবাসী মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার।