পাঁচ জেলা প্রশাসককে প্রত্যাহার
প্রশাসনের মাঠ পর্যায়ের পাঁচজন জেলা প্রশাসককে মঙ্গলবার প্রত্যাহার ও সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই দিন ওইসব জেলা প্রশাসকের শূণ্য পদে কয়েকজন উপ-সচিবকে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়াও কয়েকজন উপসচিবকে বিভিন্ন দপ্তরে বদলী করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ ও বদলী করা হয়।
যেসব জেলা প্রশাসককে প্রত্যাহার ও ওএসডি করা হয়েছে তারা হলেন নীলফামারীর রবীন্দ্রনাথ রায় চৌধুরী, নড়াইলের নুরুদ্দিন আহম্মেদ, খাগড়াছড়ির হুমায়ুন কবির, সাতক্ষীরা মোহাম্মদ ইলিয়াস এবং রাঙ্গামাটির গাজী মোহাম্মদ জুলহাস।
হবিগঞ্জের জেলা প্রশাসক এসএম সুলতান মাহমুদকে নীলফামারীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শরফুদ্দিন খান জিলানীকে নড়াইলে, বিদেশী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক গোলাম মাওলাকে খাগড়াছড়িতে, ব্যাংকিং বিভাগের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল বাশারকে সাতক্ষীরায় এবং বিমানের উপ-সচিব হারুনুর রশীদ খানকে রাঙ্গামাটিতে জেলা প্রশাসক হিসেবে।
এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুকৃতি রঞ্জন চাকমাকে একই দপ্তরের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ওএসডি উপসচিব হাবিবুর রহমানকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব নিয়োগ করা হয়েছে।
