কোম্পানীগঞ্জ যুবদল নেতার শোকসভায় পোস্টার টানানো নিয়ে উত্তেজনা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিহত যুবদল নেতা আলমগীরের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় দু’রকম পোস্টার টানানো নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ২০০১ সালের ১২ আগস্ট আলমগীর আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। তার স্মরণে রামপুর ইউনিয়ন যুবদল আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদকে প্রধান অতিথি করে শোকসভার আয়োজন করে।
এতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের বাদ দিয়ে দুই ব্যসায়ীর নাম দিয়ে পোস্টারিং করায় নেতারা ক্ষিপ্ত হন।
অপরদিকে উপজেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা নেতাদের নামসহ আরেকটি পাল্টা পোস্টার টানানো হয়। এতে করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল হাই সেলিমের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
রামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক বিডিনিউজকে বলেন, শোকসভায় আইনমন্ত্রী প্রধান অতিথি থাকবেন, এখানে কোন নেতা এলো কি না তা দেখার বিষয় নয়।
অপরদিকে উপজেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, যুবদল নেতার মৃত্যুবার্ষিকীতে নেতারা আসবেন না, তা হয় না।
