সার আমদানিকারকদের এখন থেকেই আমদানির প্রস্তুতি নিতে নির্দেশ
আগামী কৃষি মৌসুমে দেশে সম্ভাব্য ১৫ লাখ মেট্রিক টন সারের বাড়তি চাহিদা পূরণে আমদানিকারকদের এখন থেকেই আমদানির প্রস্তুতি নিতে চলা হয়েছে।
তবে এজন্য আমদানিকারকরা গত অর্থ বছরের সার আমদানি খাতে ভর্তুকি বাবদ বকেয়া প্রায় ২১১ কোটি টাকা আগে পরিশোধের জন্য সরকারকে তাগিদ দিয়েছেন।
দেশের সার পরিস্থিতি পর্যালোচনায় সোমবার কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।
সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ দায়িত্বশীল কর্মকর্তারা সভায় দেশের বর্তমান সারের মজুদ ও স্থানীয় উৎপাদন পরিস্থিতি ব্যাখ্যা করেন।
তারা জানান, দেশে বর্তমানে প্রতি বছর ২৮ দশমিক ৫ লাখ মেট্রিক টন ইউরিয়া, চার দশমিক ৫ লাখ মেট্রিক টন টিএসপি, দুই লাখ টন ডিএপি এবং তিন দশমিক ৫ লাখ মেট্রিক টন এমওপি সারের চাহিদা রয়েছে।
এর বিপরীতে দেশে বর্তমানে তিন লাখ মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে এ বছর দেশে প্রায় ১৮ লাখ মেট্রিক টন ইউরিয়া, ৫০ হাজার মেট্রিক টন টিএসপি এবং দুই লাখ মেট্রিক টন ডিএপি সারের উৎপাদন হবে।
এ পরিমাণ মজুদ ও উৎপাদন সত্ত্বেও দেশে আরো প্রায় ১৫ লাখ মেট্রিক টন সারের চাহিদা থাকবে।
এ অতিরিক্ত চাহিদা পূরণ করা না হলে আগামী আমন মৌসুমে সারের চাহিদা মেটানোর পর পরবর্তী কৃষি মৌসুমে সারের সংকট সৃষ্টি হতে পারে।
সভায় জানানো হয়্, বাড়তি চাহিদার ৩০ শতাংশ সার আমদানি করবে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। বাকী ৭০ শতাংশ সার আমদানি করবে বেসরকারি পর্যায়ের আমদানিকারকরা।
সূত্র জানায়, সভায় এখন থেকে সার আমদানির প্রস্তুতি নেওয়া না হলে আগামী মৌসুমে সারের সংকট সৃষ্টি হবে বলে আশংকা প্রকাশ করা হয়। এজন্য সভা থেকে আমদানিকারক ব্যবসায়ী প্রতিনিধিদের দ্রুত সার আমদানির প্রস্তুতি নিতে বলা হয়।
সভায় উপস্থিত ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) চেয়ারম্যান কফিলউদ্দিন আহম্মেদ বিডিনিউজকে জানান, সরকারের কাছে তাদের সারের ভর্তূকি বাবদ প্রায় ২১১ কোটি টাকা বকেয়া রয়েছে। এসব বকেয়া অর্থ না পাওয়ায় তারা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে তাদের নতুন করে আমদানির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে।
তিনি সার সংকট মোকাবেলায় দ্রুত আমদানি নিশ্চিত করতে অবিলম্বে ওই বকেয়া অর্থ পরিশোধের পরামর্শ দেন।
সভায় একমাসের মধ্যে এ বকেয়া পরিশোধ করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব নুরুল আমিন, বিসিআইসি ও বিএডিসি’র চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
