আশুগঞ্জে গ্রাম্য কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রাম্য কোন্দলকে কেন্দ্র করে বুধবার চার থেকে পাঁচ শ লোকের মধ্যে দীর্ঘ আড়াই ঘন্টার সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে ১০ জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ধারালো দায়ের কোপে গুরুতর আহত ধন মিয়াকে (৪২) চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সরকার বিডিনিউজকে জানান, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের ঘটনায় বুধবার একটি সালিশী বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকটি ব্যর্থ হওয়ায় ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
তিনি জানান, পরে পুলিশ ঘটনাস্থেেল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ৩১ জুলাই বগইর গ্রামে ফুটবল ম্যাচে গোল করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় সালিশী বৈঠক বুধবার ব্যর্থ হলে সকাল ৯ টার দিকে দুপক্ষ লাঠিসোটা, রাম দা, কিরিচ ইত্যাদিসহ সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে। প্রায় আড়াই ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় এখনো চাপা উত্তেজনা চলছে।
