২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক কর্মচারী ফ্রন্টের সড়ক অবরোধ: টাঙ্গাইল ও বরিশালে তীব্র যানজট

বেতন বাড়ানো ও নিয়মিত করাসহ আট দফা দাবিতে মঙ্গলবার শিক্ষক কর্মচারী ফ্রন্ট দেশব্যাপী রেল, নৌ ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করে। এসময় টাঙ্গাইলের ঢাকা - টাঙ্গাইল - বঙ্গবন্ধু যমুনা সেতু সড়কে এবং বরিশাল - ঢাকা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বিডিনিউজের টাঙ্গাইল প্রতিনিধি জানান, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু যমুনা সেতু সড়ক অবরোধ করে রাখে।

এ সময় উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ ২০ জেলার ৯২টি রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল্লাহিল আযম অবরোধে বাধা দিলে শিক্ষক -কর্মচারীদের সাথে তার ধাক্কা-ধাক্কি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ চলাকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক অধ্যাপক আজাহার আলী মিয়া বক্তব্য রাখেন।

বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টা নগরীর বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর এলাকায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট অবরোধ কর্মসূচি পালন করে।

এ সময় রাস্তার দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। কোতয়ালী পুলিশ যানজট মুক্ত করার চেষ্টা করলে এক পর্যায়ে শিক্ষক নেতৃবৃন্দের সাথে পুলিশের বাক-বিতন্ডা শুরু হয় এবং পুলিশ পিছু হটতে বাধ্য হয়। 

ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে অধ্যাপক মহসিনউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, মজিবর রহমান, অধ্যাপক সামসুল আলম, অধ্যাপক হাসিবুর রহমান প্রমুখ।

এদিকে বরিশালের অশ্বিনী কুমার হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বেে সমাবেশে বিভাগের সব জেলা ও উপজেলা থেকে শিক্ষক - কর্মচারীরা অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির চেয়ারম্যান মাওলানা এম এ লতিফ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, জোটের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, একেএম জাহাঙ্গীর, মোখলেছুর রহমান প্রমুখ।

সমাবেশে শিক্ষকদের দাবী পূরণে সরকারের সময়ক্ষেপনের জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, অন্য পেশার দাবীর প্রতি সরকার যে মনোভাব দেখান শিক্ষকতা পেশার প্রতি কম গুরুত্ব দেওয়া হয়।

নেতৃবৃন্দ জরুরি ভিত্তিতে শিক্ষক - কর্মচারীদের শতকরা ১০০ ভাগ বেতনসহ সব দাবী পুরণ করে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে আগামী ৬ আগস্ট গুড়, মুড়ি, গামছা ও ছাতা নিয়ে বিকাল ৩টায় মুক্তাঙ্গনের মহাঅবস্থানে অংশ নেওয়ার জন্য সব শিক্ষক - কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়।