বান্দরবানে একে-৪৭ রাইফেলস সহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দোছড়ি ইউনিয়নের আমের ঝিড়ি এলাকায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জওয়ানরা অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলস সহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে। সোমবার বিডিআর সূত্র একথা জানায়।
বিডিআর জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ৪০ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্ণেল আউয়ালের নেতৃত্বে বিডিআর জওয়ানরা এই অভিযান চালায়। এ সময় তারা পাহাড়ে সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানায় তল্লাশী চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, দুইটি একে-৪৭ রাইফেল, দুইটি ম্যাগাজিন, শক্তিশালী ওয়াকিটকি দুই সেট এবং তাদের ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম।
বিডিআর জওয়ানরা তাদের আস্তানাটি ধ্বংস করে দেয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো বহিরাগত সন্ত্রাসীদের বলে স্থানীয় একাধিক সূত্র ধারণা করছে।
