দিনাজপুর মেডিকেল কলেজে আবারও হামলা, অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ছাত্রাবাসের সিট দখল করাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের কারণে দিনাজপুর মেডিকেল কলেজ অনির্দ্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন কর্তৃপক্ষ।
এদিকে রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কলেজ ক্যাম্পাসে ও মূল হোস্টেলে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা হল ত্যাগের আগেই মেডিকেলের ছাত্র তুষার, পারভেজ, আশরাফ ও বিধানের নেতৃত্বে তিনটি কক্ষে অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর দু’টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলেও বেলা ১২টা পর্যন্ত সন্ত্রাসীরা ক্যাম্পাস ও ছাত্রাবাসে অবস্থান করে ব্যাপক ভাংচুর ও লুটপাটে অংশ নেয়। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষয়-ক্ষতি হয়।
এ ব্যাপারে দিমেক এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় রোববার দিনাজপুর কোতয়ালী থানায় জিডি করা হয়েছে এবং পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি রোববার থেকেই তদন্ত কাজ শুরু করেছে বলে তিনি জানান।
কলেজ কর্তৃপক্ষ জানান, শনিবার রাত ১০টায় দিনাজপুর কলেজের একাডেমিক কাউন্সিলে এক জরুরী সভায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
এদিকে শনিবারের হামলায় আহত ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীরা আরও হামলার আশংকায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে চলে গেছে। জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে নয়জন আহত শিবির কর্মী রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তরিত হয়েছে। ছাত্রদলের কর্শীরাও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছে।
প্রসঙ্গত, ছাত্রাবাসের ১০১ নং কক্ষের চারটি সিট দখলকে কেন্দ্র করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার বিকাল ৪টায় শিবির ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে একটি পক্ষ কক্ষটিতে তালা ঝুলিয়ে দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রথম পর্যায়ে ২০ জন এবং পরে আরও ৩০ জন আহত হয় বলে জানা গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানেও তাদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
রাত পর্যন্ত এ উত্তেজনা চলতে থাকলে কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে পুলিশ মোতায়ন করা হয়।
এদিকে এই সমস্যা নিরসনে রোববার চারদলীয় জোট নেতৃবৃন্দ বৈঠক করেন। দিনাজপুর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী ও জামায়াতে ইসলামী জেলা আমীর আফতাব উদ্দীন মোল্লাসহ জোট নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সন্তোষজনক সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
