সাভারের বংশী নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১, আহত ৩
সাভারের বংশী নদীতে নৌকা উল্টে একজন নিখোঁজ এবং তিনজন আহত হয়েছে। রোববার এলাকাবাসী একথা জানায়।
নিখোঁজ যুবকের নাম রতন (২০)। তিনি সাভার পৌর এলাকার কোর্টবাড়ী মহল্লার কালামের ছেলে। আহতরা হলেন, রফিকুল (২০), শহিদুল (২৩) ও রাজু (১৯)।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় চার বন্ধু মিলে ডিঙ্গি নৌকায় করে বংশী নদী পার হতে গেলে প্রবল বাতাসের কারণে নৌকাটি সাভার রূপনগর ঘাটের কাছে উল্টে যায়। তিন বন্ধু সাঁতরিয়ে পাড়ে উঠে এলেও রতন সাঁতার না জানার কারণে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা মধ্যরাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও রতনকে উদ্ধার করতে পারেনি। রোববার সকালেও উদ্ধার কাজ অব্যাহত ছিল।
অপরদিকে বংশী নদীতে রোববার সকালে এক তরুণীর লাশ ভাসতে দেখা গেছে। এলাকাবাসী পুলিশে খবর দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করতে আসেনি।
