রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে র্যাবের অভিযান: ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ৬ ছাত্রদল ক্যাডার গ্রেপ্তার
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা অভিয়ান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশী রিভলবার ও চার রাউন্ড গুলি, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি এবং আটটি লোহার রড, রামদা ও কয়েকটি ছুরি।
সূত্র জানায়, র্যাব সদস্যরা শনিবার দুপুরে ইনস্টিটিউটের শাহ নিয়ামতউল্লাহ ছাত্রাবাসের ১১২ ও ১১৪ নং কক্ষে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে। র্যাব এসময় ওই কক্ষ দুইটি থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে র্যাব কর্তৃপক্ষ গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানালেও এদের একজন নিয়ামতউল্লাহ হল শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং অন্যরা সবাই ছাত্রদলের ক্যাডার বলে জানা গেছে।
এরা হলেন লিটন চন্দ্র দাস, মেহেদী হাসান, আফজাল হোসেন, মাহবুব রাসেল ও সিরাজুল ইসলাম।
গত কয়েক দিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনার কারণে অস্ত্রগুলো মজুদ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
