দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত ৫০
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল (দিমেক) ছাত্রাবাসে সিট বরাদ্দকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন ছাত্রদলের খোকন, মশিউর, নাজিম উদ্দিন, কায়সার, রাজীব, নজরুল, শ্রাবণও পারভেজ এবং শিবিরের ইমরান, আবদুস শাকুর, ফারুক, রহিম এবং নাজিব।
আহতরা জানান, শুক্রবার চলতি শিক্ষাবর্ষে নবাগত ছাত্রদের সিট বরাদ্দ দেয়া হলে মেডিকেল ছাত্রাবাসে ১০১ নম্বর কক্ষের ৪টি সিট দখল নিয়ে উত্তেজনা শুরু হয়। ছাত্রদল দিমেক শাখার সভাপতি কাঞ্চন ও ছাত্রদল নেতা টগরসহ কয়েকজন ছাত্র শুক্রবার ওই কক্ষে তালা ঝুলিয়ে দেয়। কিন্তু পরদিন শনিবার সকালে ওই কক্ষের বরাদ্দ প্রাপ্ত ছাত্ররা প্রশাসন ও ছাত্রাবাস কর্মচারিদের সাথে নিয়ে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এতে ছাত্রদল গ্র“পটি ক্ষিপ্ত হয়ে বিকেলে ওই কক্ষে হামলা চালায়। এসময় শিবির কর্মী ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানে ছাত্রদল ও শিবিরের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রফিকুল ইসলাম জানান, ক্যাম্পাসের পরিস্থিতি এখনও শান্ত হয়নি। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করা হয়। এতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তদন্ত কমিটি গঠনসহ পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
শিবির দিমেক শাখার সভাপতি ওমর ফারুক বলেন, ছাত্রদল জোর করে ১০১ নম্বর কক্ষে তালা লাগিয়ে দিয়ে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করেছে। বরাদ্দ পাওয়া সিটের দখল নেওয়া আমাদের ন্যায্য অধিকার। ছাত্রদলের কর্মীরা আমাদের ওপর পরিকল্পিত ও উস্কানিমূলকভাবে হামলা চালিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির মেডিকেল শাখার নেতাকর্মীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ ব্যাপারে ছাত্রদল নেতা কাঞ্চলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ছাত্রদলও পাল্টা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিমেক ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
