চারদলীয় জোটে যোগদানের সিদ্ধান্তে জাতীয় পার্টিতে আবারো ভাঙ্গনের পদধ্বনি; জেলা নেতারা দল ছাড়ছেন
বিএনপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন চারদলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে (জাপা) আরো এক দফা ভাঙ্গনের পদধ্বনি শোনা যাচ্ছে।
দলের একটি অংশ চারদলীয় জোটে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মত প্রকাশ করলেও এরশাদের ছোট ভাই ও জাপা প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এমপির নেতৃত্বে একটি বড় অংশ এতে প্রকাশ্যেই বিরোধিতা করছে।
বর্তমান জাপা সাংসদদেরও একটি বড় অংশ জিএম কাদেরের নেতৃত্বে এরশাদের পক্ষ ত্যাগ করে বিরোধী ১৪ দলের সাথে যোগ দিতে পারে বলে জানা গেছে।
এরশাদের চারদলীয় জোটে যোগদান সংক্রান্ত সিদ্ধান্তের পর বিভিন্ন জেলার নেতারা আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যে নীলফামারীতে ক্ষুব্ধ বেশ কিছু জাপা নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
চারদলে এরশাদের যোগ দেওয়ার সিদ্ধান্তটিকে জোটের বর্তমান শরীকরাও ভালভাবে নিচ্ছে না। এ ব্যাপারে অন্যতম শরীক জামাতের পক্ষ থেকে ইতোমধ্যেই নেতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম - মহাসচিব তারেক রহমান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে বৈঠকের পরই এরশাদ তার নামে দায়ের করা মামলা প্রত্যাহার, নিজের জন্যে রাষ্ট্রপতির পদ ও আসন ভাগাভাগিতে একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করার শর্তে চারদলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
শুক্রবার সাংবাদিকদের সাথে আলোচনায় এরশাদ বলেন, হয়রানি হওয়ার চেয়ে চারদলীয় জোটে যাওয়াই ভালো। বুড়ো বয়সে আর জেল খাটতে চাই না। তাই আগামী সেপ্টেম্বরেই চারদলীয় জোটে যোগ দেবো।
জাপার (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য শেখ শওকত হোসেন নীলূ জোটে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত: জানিয়ে বিডিনিউজকে বলেন, বর্তমানে জাতীয় পার্টির এজেন্ডাই হচ্ছে - এরশাদ সাহেবের মামলা প্রত্যাহার এবং জাপাকে ক্ষমতার অংশ করা। এরশাদ সাহেবের এ সিদ্ধান্ত ওই এজেন্ডারই অংশ। আমরা এরশাদ সাহেবের সাথে রয়েছি।
তবে জিএম কাদের জানান, এরশাদ সাহেব এখনো চারদলীয় জোটে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এজন্য তাকে দলীয় ফোরামে আলোচনা করতে হবে। তিনি চারদলীয় জোটে গেলে আমি তার সাথে থাকবো না।
তিনি বলেন, দেশের মানুষ এখন এ সরকারের পরিবর্তন চায়। এ পরিবর্তনের মাধ্যমে দেশে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই দেশের জন্য চিন্তা করেন এমন কোনো দেশপ্রেমিক রাজনীতিক ওই জোটে যেতে পারেন না। যারা ব্যক্তিগত ও দলীয় সুবিধার জন্য রাজনীতি করে তারাই শুধু চারদলীয় জোটে যেতে পারে।
তবে জিএম কাদের নতুন দল গঠনের কথা অস্বীকার করে বলেন, কয়েকজন সাংসদসহ দলের একটি বড় অংশই এরশাদ সাহেবকে বিরোধী জোটে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি ওই পরামর্শ না মেনে চারদলীয় জোটে গেলে আমরাও আমাদের অবস্থান ভেবে দেখবো।
এরশাদের চারদলীয় জোটে যোগ দেওয়ার বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে উল্লেখ করে জোটের শরীক নাজিউর রহমান নেতৃত্বাধীন জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব সাইফুর রহমান জানান, বিএনপি নিজের প্রয়োজনেই এরশাদকে জোটে টানছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এরশাদ সাহেবের সঙ্গে প্রকাশ্যে বিএনপির এবং গোপনে আওয়ামী লীগের আলোচনা হচ্ছে। তিনি কোথায় যাচ্ছেন, তাই দেখার বিষয়।
