চট্টগ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত, ২ পুলিশ আহত
চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মহুরিবাজারের পাশে পুলিশের সাথে ডাকাতদের বন্দুকযুদ্ধে দু’ ডাকাত নিহত এবং দু’ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ডাকাতদের গ্রেপ্তারের জন্য মহুরিবাজারে অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ে সময় দু’ ডাকাত নিহত এবং পুলিশের দু’ সদস্য আহত হয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ২টি বন্দুক এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করে।
