মনিকা আলি’র ‘ব্রিক লেন’ ওপর চলচ্চিত্র নির্মাণকে কেন্দ্র করে লন্ডন প্রবাসী বাংলাদেশীদের ক্ষোভ
আলোচিত লেখিকা মনিকা আলি’র বহুল বিক্রীত উপন্যাস ‘ব্রিক লেন’ এর ওপর চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্তে পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশীরা ক্ষেপিয়ে তুলেছে।
সহিংসতার আশংকায় ছবিটির আর্থিক লগ্নীকারী প্রতিষ্ঠান ফিল্ম ফোর ‘ব্রিক লেন’ এর শুটিং বাতিল করতে বাধ্য হয়েছে। ফিল্ম ফোর এর এক মুখপাত্র শ্লো ডোনার এ কথা জানান।
তিনি জানান, নিরাপত্তার কথা চিন্তা করে ব্রিক লেন ছবিটির বাইরের চিত্র ধারণ করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এক রিপোর্টে বলা হয়েছে, ব্রিক লেন এর মাধ্যমে লেখিকা মনিকা আলী প্রবাসী বাংলাদেশীদের সাহিত্য জগতে একটা স্থান করে দেওয়ার পরও উপন্যাসটি নিয়ে লেখিকার প্রতি প্রবাসী বাংলাদেশীদের ক্ষোভের কারণে ছবিটির শুটিং এর পরিকল্পনা বাতিল হয়ে গেছে।
ডানবার জানান, ছবিটির শুটিং প্রায় শেষের পথে। ছবিটিতে পূর্ব লন্ডনের রাস্তা, ব্যস্ত দোকান এবং লন্ডনে বাংলাদেশীদের খাবার ঘরগুলোর দৃশ্যায়ন করতে গিয়েই এই বিপত্তি ঘটে। এখন বাইরের দৃশ্যগুলোর শুটিং অন্য কোথাও করা হবে। ভারতের জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক সতীশ কৌশিক এতে অভিনয় করছেন।
বিরোধিতার নেতৃত্বদানকারী ব্রিক লেনের মার্চেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল সালেক বলেন, ‘বাংলাদেশী সম্প্রদায়ের মর্যাদা এবং সম্মান রক্ষার জন্যই আমরা এই ঘটনার প্রতিবাদ করছি’।
গার্ডিয়ান পত্রিকা বৃহস্পতিবার তার বক্তব্যের বরাত দিয়ে একথা জানায়। সালেক জানান, তিনি বইটি পুড়িয়ে ফেলারও চিন্তা করেছিলেন এবং উপন্যাসটি ঘিরে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ করেন। পরে তিনি এটিকে বাংলাদেশী কমিউনিটির জন্য মর্যাদাহানীকর বলে অভিযোগ করেন।
সালেক বলেন, ‘গণমাধ্যমগুলো বাংলাদেশী কমিউনিটির শুধু নেতিবাচক দিকগুলোর ওপরই বেশি আগ্রহী। বইটির লেখিকা আমাদের সঙ্গে কখনই অভিজ্ঞতা ভাগ করে নেননি বরং তিনি সব সময়ই অর্থ উপার্জন এবং তার নাম প্রচারেরই চেষ্টা করেছেন’।
এদিকে ডানবার জানান, যারা শুটিংয়ের প্রতিবাদ করেছেন তারা ওই কমিউনিটির ছোট একটি অংশ মাত্র।
প্রসঙ্গত, লন্ডনে বাংলাদেশী অভিবাসী এক দম্পতি’র ওপর লেখা মনিকা আলি’র বইটি ২০০৩ সালে প্রকাশিত হওয়ার পর এটা ব্যাপক জনপ্রিয়তা পায়।
