কক্সবাজারে আমন মৌসুমের শুরুতেই কৃত্রিম সার সংকট
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ায় ভরা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। এর ফলে বীজতলায় সার দিতে না পেরে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
কৃষকরা অভিযোগে জানান, পর্যাপ্ত সার সরবরাহ থাকা সত্ত্বেও উখিয়ায় সার সংকট বিরাজ করছে। এখানে প্রতি বস্তা সার বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। চলতি মৌসুমে এপ্রিল, মে ও জুন এই ৩ মাসে সার বরাদ্দ পাওয়া গেছে ৩০০ মেট্টিক টন। গত সপ্তাহ পর্যন্ত ৬৬৭ মেট্রিক টন সার ডিলাররা বরাদ্দ এনেছেন। অথচ মৌসুমের শুরুতে বীজতলা তৈরীর জন্য কৃষকরা সার পাচ্ছেন না।
উখিয়া উপজেলা কৃষি অফিস জানায়, বীজতলায় সার সরবরাহ দেয়ার জন্য স্থানীয় ১০ জন ডিলারকে ৮৫ মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত সমস্ত সারই ডিলারদের মজুদ রয়েছে। তাছাড়াও ডিলাররা চট্টগ্রামের খোলাবাজার থেকে চলতি জুলাই মাসে সার বরাদ্দ এনেছে আরো ২২৮ মেট্রিক টন।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে স্থানীয় কৃষকরা বস্তা প্রতি ৫০০ টাকা হারে সার বিক্রি হওয়ার অভিযোগ জানালেও তিনি এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানা গেছে। এর ফলে স্থানীয় সার ডিলাররা আরো বেপরোয়া হয়ে চড়া দামে সার বিক্রি করছে।
উখিয়ার পালংখালী এলাকার কৃষকরা বিডিনিউজকে জানান, তারা এ পর্যন্ত বীজতলায় প্রয়োগ করার মতো সার পাননি। স্থানীয় সার ডিলার জোট সরকারের প্রভাব খাটিয়ে মিয়ানমারে সার পাচার করে যাচ্ছে। অসাধু ডিলাররা লোক দেখানো কয়েক বস্তা সার বিতরণ করলেও দাম নিচ্ছে ৫০০ টাকা।
জানা গেছে, চলতি আমন মৌসুমে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে প্রায় ৭ হাজার ৪ হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে। এসব জমিতে সারের চাহিদা রয়েছে ১ হাজার ১৪৩ মেট্রিক টন।
কৃষকরা অভিযোগ করেন, উপজেলা সার মনিটরিং কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ করিম ছুটিতে থাকার সুযোগে ডিলাররা সার নিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এভাবে সার সংকট ও মূল্য বৃদ্ধি অপরিবর্তিত থাকলে আমন মৌসুমে চাষাবাদ ব্যাহত হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।
সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ নুর বিডিনিউজকে জানান, বরাদ্দ পাওয়া সার সুষ্ঠুভাবে বিতরণ করলে সার সংকট ও মূল্য বৃদ্ধি পাওয়ার কথা নয়। অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হলে তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
