খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জাকের পার্টি প্রধান পীরজাদা ফয়সল
নির্বাচনে যার দল কখনোই জয়ের মুখ দেখেনি সেই জাকের পার্টির প্রধান চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি। পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠনের আশাবাদ ব্যক্ত করে পীরজাদা বলেন, আগামী তিন মাসেই তিন টুকরা হয়ে যাবে বিএনপি। তাছাড়া নির্বাচনে এরশাদও কোনো ‘ফ্যাক্টর’ নয়।
বিডিনিউজ’কে দেওয়া একান্ত এক সাক্ষাতকারে নির্বাচনে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে পার্টি চেয়ারম্যান পীরজাদা আমীর ফয়সল আল মুজাদ্দেদী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী যে ক’টি আসনে দাঁড়াবেন, তার মধ্যে অন্তত তিনটিতে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্ভাব্য মহাজোটে অংশ নিয়ে তার দল কমপক্ষে ১৫ টি আসন চাইবে বলেও তিনি জানিয়েছেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমি দেখতে চাই জনগণ কার ওপর আস্থাশীল, খালেদা জিয়া, নাকি আমার মতো নতুন নেতৃত্বের ওপর’?
বর্তমান বিরোধী জোট আগামীতে সরকার গঠন করলে মন্ত্রিসভায় তারা ২টি পদ চাইবেন। খুব শিগগিরই তার দল আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে তিনি জানান।
জাকের পার্টির চেয়ারম্যানের মতে, জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ দেশের চলমান রাজনীতি ও আগামী নির্বাচনে কোনো ‘ফ্যাক্টর’ নন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাপা ৫/৭ টির বেশি আসনও পাবে না।
আন্দোলন কিংবা নির্বাচনে এরশাদ বা তার দল নিয়ন্ত্রক নন বলেও মন্তব্য করেন পীরজাদা ফয়সল।
তবে নিজেকে নির্বাচনের নিয়ামক দাবি করে পীরজাদা বলেন,‘আমি যে দল বা জোটকে সমর্থন দেবো, তারাই আগামীতে সরকার গঠন করবে। আমার সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না’।
আগামী তিন মাসে বিএনপি তিন টুকরা হয়ে যাবে -- এমন ভবিষ্যদ্বাণী করে বিশ্ব জাকের মঞ্জিলের অন্যতম স্বত্ত্বাধিকারী বলেন, বিএনপি হচ্ছে একটি ‘ককটেল পার্টি’ এবং ওয়াদা ভঙ্গকারী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সুবিধাবাদীদের একটি পলিটিক্যাল ক্লাব যা শিগগিরই সুবিধাবাদী, বঞ্চিত ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই তিন ভাগে ভাগ হয়ে যাবে।
জামাতকে পরগাছা, ধর্ম ব্যবসায়ী, জনসমর্থনহীন সন্ত্রাসী গ্যাং অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, জামাত যে সব আসনে প্রার্থী দেবে, সেসব আসনে জাকের পার্টি এমন প্রার্থী দিয়ে শক্ত অবস্থান নেবে যেন জামাতের কেউ আগামীতে সংসদ ভবনে ঢুকতে না পারে।
পীরজাদা জানান, প্রতিটি গ্রামে তার দলের শক্তিশালী গ্রাম কমিটি রয়েছে। নির্বাচনে জামাতের মহিলা কর্মীদের প্ররোচনার হাত থেকে ধর্মপ্রাণ নারী ভোটারদের রক্ষা করতে জাকের পার্টির প্রশিক্ষিত নারী কর্মীবাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করবে।
তিনি বলেন, জামাতের বিকল্প হিসেবে আগামীতে এরশাদকে অধিক গুরুত্ব দিয়ে ক্ষমতাসীন জোটে নিলে বিএনপি তেমন কোনো লাভ করতে পারবে না।
ফয়সল বলেন, জামাতকে বের করে দিয়ে বিএনপি নতুন জোট করার সিদ্ধান্ত নিলে তাতে কোনো দলই যাবে না। কারণ বিএনপি জামাত জোটের দুর্নীতি ও লুটপাটের দুর্গন্ধ কেউই স্বেচ্ছায় গায়ে মাখতে রাজি নয়। আর আমরা কখনই ওই জোটে যাবো না।
এক প্রশ্নের জবাবে পীরজাদা বলেন, বিগত জাতীয় নির্বাচনের আগে আমি বিএনপি’র নেতৃত্বাধীন জোটকে সমর্থন করেছিলাম এটা ঠিক। আমি সমর্থন না করলে তারা সরকারও গঠন করতে পারতো না। কিন্তু খালেদা জিয়া ও তার লোকজন শুধু নিজেদের ভাগ্যই গড়েছেন। আমাদের সঙ্গে ভদ্র ব্যবহারটুকুও করেননি।
এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, বিদিশাকে দিয়ে আওয়ামী লীগকে এবং রওশনকে দিয়ে বিএনপিকে ম্যানেজ করতে চেয়েছিলেন এরশাদ। কিন্তু কোনোটিতেই সফল হননি। চামড়া বাঁচানোর কথা চিন্তা করে অপরাজনীতি করতে গিয়ে নিজের ঘরই ঠিক রাখতে পারেননি তিনি।
এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলে এলে তার দল সেখানে যাবে কী না -- প্রশ্ন করা হলে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, আমি ১৪ দলের সঙ্গে মহাজোটে যাবো। আমি এরশাদকে অশ্রদ্ধা করি না। তবে পছন্দ করি এটাও বলা যাবে না। কিন্তু আমার ওপর তিনি কেন ক্ষিপ্ত তা জানি না।
এরশাদের আসনে তার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবেন কী না -- জানতে চাইলে ফয়সল বলেন, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমার উপযুক্ত প্রার্থী রয়েছে। বিদ্বেষ পোষণ করে আমি নিজে তার বিরুদ্ধে নির্বাচন করবো না।
পীরজাদা বলেন, গত ক’বছরে এরশাদ আমার কাছে মোট ১২ বার এসেছেন। এর মধ্যে একবার এসেছিলেন বিদিশাকে নিয়ে। তিনি আমার কাছে টাকাও চেয়েছিলেন। কিন্তু আমি তাকে তা দিতে পারিনি। আর আমি তাকে টাকা দেবো কোত্থেকে? তারই অনেক অর্থবিত্ত রয়েছে!
আওয়ামী লীগের সঙ্গে এক সময় সম্পর্কের অবনতির কথা স্বীকার করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সেখানে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছিল। ইসলামের অনুভূতিকে উপেক্ষা করে সে সময় জাকের মঞ্জিলকে তছনছ করা হয়। কিন্তু এ কথাও মনে রাখা দরকার যে, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু এই জাকের মঞ্জিলে চার হাজার মণ চাল নিজ হাতে দান করেছিলেন। এজন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ।
পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের উন্নয়নের কথা উল্লেখ এবং সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ‘বড় বোন’ সম্বোধন করে পীরজাদা বলেন, তিনি আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন। তার সঙ্গে আমার একাধিকবার বৈঠকও হয়েছে। আগামীতে আমি তার সঙ্গেই থাকতে চাই।
