২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় রেল অবরোধ, গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত শতাধিক

রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার সকালে আবারো গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ ও গার্মেন্টস শ্রমিকসহ আহত হয়েছে শতাধিক ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 01:46 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা প্রায় আধ ঘন্টার জন্য আজমপুর এলাকায় রেল অবরোধ করে।

প্রত্যক্ষদর্শরা জানান, উত্তরার চালাবন এলাকার হ্যাচং করপোরেশন নামক গার্মেন্টসের ইউনিট -- ১ এর বিক্ষুব্ধ শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে গার্মেন্টসটির সামনে জড়ো হয়। তারা মিছিল নিয়ে আজমপুর এলাকায় সকাল সাড়ে ৯ টার দিকে আধঘন্টার জন্য রেল পথ অবরোধ করে।

অবরোধ শেষে শত শত শ্রমিক বিভিন্ন পথ ঘুরে উত্তরখান চৌরাস্তা মোড়ে এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সেখানে শ্রমিকদের সাথে পুলিশের ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়।

এক পর্যায়ে ওই এলাকায় নাজিয়াত সোয়েটার ফ্যাক্টরীর শ্রমিকরা কাজ ফেলে কারখানার গেট ভেঙে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। শত শত শ্রমিক ও পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়।

সংঘর্ষে পুলিশসহ আহত হয় শতাধিক জন। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হ্যাচং করপোরেশন’র গার্মেন্টস শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়া ও শ্রমিক নির্যাতন বন্ধ করার দাবিতে বুধবারও এক দফা ঢাকা -- ময়মনসিংহ রোড অবরোধ করে। এরআগেও এই কারখানাটির শ্রমিকরা কয়েক দফায় আন্দোলন -- বিক্ষোভ করেছে।  বেতন ভাতা পরিশোধ না করেই গত ১৮ জুলাই  মালিকপক্ষ আকস্মিকভাবে কারখানাটি বন্ধ করে। সেই থেকে শ্রমিক অসন্তোষ চলছে বলে জানা যায়।