জিয়া বিমান বন্দর থেকে উদ্ধার করা নাইজেরীয় কিশোরকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উদ্ধার করা ১২ বছরের নাইজেরীয় কিশোর এলিসন পিটারকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
ঢাকার সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট জগন্নাথ দাস খোকন বুধবার সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে ওই কিশোরকে তাদের নিরাপত্তা হেফাজতে নেয়ার নির্দেশ দেন।
বিমান বন্দর পুলিশ জানায়, ২৩ জুলাই সকাল ১০টা ৩৮ মিনিটে এলিসন পিটার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশী কাউন্টারে ঘোরাঘুরি করার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ধরে থানায় সোপর্দ করে। এ সময় তার কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তাকে কেউ নিতেও আসেনি।
তার পিতার নাম আবাচি রিচার্ড এবং মা’র নাম আবাসি এলিসন। তাদের আদিবাড়ি নাইজেরিয়ার রাজধানী লাগোসের ৮ নম্বর ভিক্টোরিয়া লেনে।
পুলিশ জানায়, এলিসন ই--কে ৫৮২ বিমানযোগে দুবাই থেকে ঢাকা আসে।
এলিসন জানায়, সে লন্ডনে তার বাবা মার সাথে থাকতো। আন্টির সাথে বাংলাদেশে এসেছে। আন্টির নাম রোজ মেরি। সে লন্ডনে ফিরতে চায়। সে এবং তার আন্টি কেন বাংলাদেশে এসেছে-- তার উত্তর সে দিতে পারেনি।
