২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক ধর্মঘট: শিক্ষামন্ত্রীকে আলোচনায় আমন্ত্রণ

সরকার পক্ষ থেকে আলোচনার কোনো আহ্বান না পেয়ে শিক্ষকরা এবার নিজেরাই শিক্ষামন্ত্রীকে আগামী ৩০ জুলাই এক আলোচনায় আমন্ত্রণ জানালেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

তাদের লাগাতার ধর্মঘটের ১৯ তম দিনে বুধবার জাতীয় শিক্ষক কর্মচারি ঐক্য জোট (শরিফুল) শিক্ষামন্ত্রীকে এ আমন্ত্রণ জানায়।

জোটের সভাপতি বিডিনিউজকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। তাই এবার আমরাই শিক্ষামন্ত্রীকে এক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি।

আগামী ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট এবং সেলিম ভূইয়া নেতৃত্বাধীন জাতীয় শিক্ষক কর্মচারি ঐক্য জোটও লাগাতার ধর্মঘটকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।

শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, ধর্মঘটি শিক্ষকদের সঙ্গে শিগগিরই সরকারের আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, তার সঙ্গে শিক্ষক নেতাদের টেলিফোনে কথা বার্তা অব্যাহত আছে।

উপমন্ত্রী বলেন, কারও দাবি ৮ দফা, কারও ১৭ আবার কারও ২৩ দফা। তাদের সবাইকে এক টেবিলে আনা সহজ নয়।

তিনি বিডিনিউজকে বলেন, আমরা একের পর এক বিভিন্ন গ্র“পের সঙ্গে বসবো। তারপর অভিন্ন দাবিগুলো নিয়ে আলোচনা হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষকদের ১০০ ভাগ বেতন দেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।