২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা অপরাধে ৫ বছর কারাবাস!

গাজীপুরের কালিয়াকৈরের দরিদ্র যুবক জাহাঙ্গীর (২২) বিনা অপরাধে পাঁচ বছর ধরে জেল খাটছেন। আদালতের পেশকারের অবহেলার কারণে এই অমানবিক ঘটনা ঘটে বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঢাকার ১ নম্বর জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন আদালতে সোমবার জাহাঙ্গীরের আইনজীবী আবেদন জানালে এই ঘটনা ফাঁস হয়।

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৫ মে পুরনো ঢাকার সূত্রাপুর থানায় তৎকালীন জননিরাপত্তা আইনের ১০ ধারায় একটি মামলা করে। মামলার এজাহার ও চার্জশিটে জাহাঙ্গীরের নাম না থাকলেও ১৪ জুন সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে।

মামলাটি বিচারের জন্য সুনির্দিষ্ট তারিখে আদালতে আসে। চার্জশিটে জাহাঙ্গীরের নাম না থাকায় বিচারক অভিযোগ গঠনের দিনে তাকে অব্যহতি দেন। কিন্তু অব্যহতির এ খবর জাহাঙ্গীরের দিনমজুর পরিবারের কেউ জানতেন না।  তাই দীর্ঘ পাঁচ বছরে কেউ তার কোনো খবর রাখেনি।

জাহাঙ্গীরের অব্যহতির আদেশের কপি কারাগারে পাঠানোর দায়িত্ব ছিলো সংশ্লিষ্ট পেশকারের। কিন্তু  পেশকার তা না করায় বিনা অপরাধে দীর্ঘ পাঁচটি বছর তাকে কারা ভোগ করতে হয়েছে।  

আদালতের বর্তমান বিচারক খন্দকার কামালুজ্জামানের বিষয়টি নজরে আসলে তিনি অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরীর মাধ্যমে সোমবার শুনানি গ্রহণ করেন এবং অব্যাহতির আদেশ দ্রুত কারাগারে পাঠানোর ব্যবস্থা নেন।