উত্তরায় আবাসিক হোটেল থেকে ৪২ যৌনকর্মী ও খদ্দের গ্রেপ্তার
রাজধানীর উত্তরা মডেল টাউনের দুটি আবাসিক হোটেল থেকে দেহ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার রাত ও সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৯ জন যৌনকর্মী ও ২৪ জন খদ্দেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
উত্তরা থানার এসআই আব্দুল জলিল জানান, ব্যবসার আড়ালে উত্তরার তিন নং সেক্টরের আবাসিক হোটেল টু স্টার এবং অ্যাংলো লিংক হোটেল কর্তৃপক্ষ দেহ ব্যবসা চালিয়ে আসছিল।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নাঈমুর রহমান বিডিনিউজকে জানান, তিনি উত্তরা থানায় যোগদানের পর থেকে এ পর্যন্ত পাঁচ -- ছয়টি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন এবং ১০০রও বেশি যৌনকর্মী ও খদ্দেরকে গ্রেপ্তার করেন। এদেরকে আদালত এবং মীরপুর ভবঘুরে কেন্দ্রের কাছে সোপর্দ করা হয়েছে।
