২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বিষয়ে সরকার সহযোগিতা চাইলে তা দেয়া যাবে : বিডিনিউজকে জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেছেন, নিরাপত্তা বিষয়ে সরকার বিরোধী দলের সহযোগিতা চাইলে আমরা তা দিতে পারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সরকারকে এ ব্যাপারে সহযোগিতা না করার কিছুই নেই। তবে জনগণের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব সরকারের।

বিরোধী দলের পদযাত্রা কর্মসূচিতে হামলা হতে পারে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার আশংকা ব্যক্ত করার পর এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবদুল জলিল বিডিনিউজকে বলেন, পদযাত্রাসহ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের হামলা হলে সরকারকেই তার দায় দায়িত্ব নিতে হবে। কারণ আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া বা বানচালের চেষ্টা চালাবে আমাদের বিরোধীরাই। আর এক্ষেত্রে বিএনপি জামাত জোটই হচ্ছে আমাদের রাজনৈতিক বিরোধী।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার আইন শৃংখলা পরিস্থিতির ওপর এক পর্যালোচনা বৈঠক শেষে গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে বিরোধী দলের পদযাত্রা কর্মসূচিতে হামলা হতে পারে বলে আশংকা ব্যক্ত করেন।

এ বিষয়ে আগাম প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ এবং এক্ষেত্রে বিরোধী দলের নেতাদের সহায়তাও কামনা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আব্দুল জলিল বলেন, আইন শৃংখলা রক্ষার দায়িত্ব সরকারের। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকেই নিতে হবে। তারা আমদের সহায়তা চাইলে আমরা দেব।

২৫ জুলাই থেকে শুরু হওয়া ৬ দিনের পদযাত্রাসহ সরকার বিরোধী আন্দোলন কর্মসূচিগুলো গোপন কিছু নয় -- মন্তব্য করে ১৪ দলের সমন্বয়ক বলেন, সরকার, আইন শৃংখলা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোতো এসকল কর্মসূচি বিষয়ে সবই জানে। তাদের সদিচ্ছা থাকলেই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারে।

তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ সরকারের ওপরই নির্ভর করে।