টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
টাঙ্গাইল -- যমুনা সেতু মহাসড়কে রোববার পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে।
নিহতরা হলো- বগুড়ার মুরগী ব্যবসায়ী বেল্লাল (৪৫) এবং পাবনার বেড়া’র সাইদুর (২০) ও সাইদুল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৪টার দিকে এলেঙ্গাতে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-০২-০৯২৩) পিছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে গেলে বেল্লাল ও সাইদুর নামে ট্রাকের দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারায়। এছাড়া অপর দশজন আহত হয়।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
অপর ঘটনায় সকালে জেলার রসুলপুরে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সাইদুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়। তার বিস্তারিত পরিচয় জানা যায় নি।
