২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে হোটেল মালিক খুন, অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির হাতিরপুল এলাকায় রোববার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে এক হোটেল মালিক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নিহতের নাম- হাবিবুর রহমান (৪৫)। এ ছাড়া মধ্যবাড্ডায অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দুপুর ৩টার দিকে একদল সন্ত্রাসী হাতিরপুল এলাকার ৪৮ ফ্রি স্কুল স্ট্রিটের ‘ব্রাইট হাউজ আবাসিক হোটেল’-এর মালিক হাবিবুর রহমানকে লক্ষ করে চার রাউন্ড গুলি করে। এতে তিনি বুকে, পেটে ও হাতে গুলিবিদ্ধ হন। আশংকাজনক অবস্থায় সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

একটি সূত্র জানায়, এক মাস আগে সন্ত্রাসীরা হোটেল ম্যানেজারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

হোটেলটির মালিক হলেন ১০ জন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এদের মধ্য থেকে মালিক আ: কাশেম ও ম্যানেজার আ: কালামকে ধরে নিয়ে যায়।   

লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ পাঠানো হয়েছে।

এদিকে মধ্যবাড্ডায় হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনে হলুদ কালো চেক হাফ শার্ট ও চেক লুঙ্গি ছিল।

সকাল সোয়া ৯টায় পুলিশ এলাকার জনৈকা ফজিলাতুন্নেছার বাড়ির সামনের রাস্তা থেকে ওই লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

এ ব্যাপারে ধানমন্ডি ও বাড্ডা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।