২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস রপ্তানিতে মায়ানমারকে সহায়তা না করার অনুরোধ

মায়ানমারের গ্যাস ভারতে রপ্তানির জন্যে বাংলাদেশের মধ্য দিয়ে পাইপ লাইন স্থাপনের অনুমতি না দেওয়ার অনুরোধ করেছে প্রবাসী বার্মিজদের সংগঠন সোয়ে গ্যাস মুভমেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঢাকার জাতীয় প্রেসক্লাবে শনিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি ত্রিদেশীয় পাইপ লাইনসহ মায়ানমার থেকে গ্যাস রপ্তানির বিরোধিতা করে বলে, মায়ানমারের সামরিক সরকার দেশের মূল্যবান খনিজ সম্পদ গ্যাস রপ্তানির নামে পাচার করছে।

সংগঠনের নেতারা বলেন, গ্যাস রপ্তানি থেকে যতটুকু বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, তা সামরিক বাহিনীর পেছনেই ব্যয় করা হচ্ছে। সাধারণ জনগণ গরিব থেকে হত দরিদ্র হচ্ছে।

এ কারণে পাশর্^বর্তী ভারত, থাইল্যান্ড, কোরিয়াসহ বিভিন্ন দেশে গ্যাস রপ্তানিবিরোধী আন্দোলন গড়ে তোলা হয়েছে বলে তারা জানান।

তারা বলেন, প্রস্তাবিত মায়ানমার -- বাংলাদেশ -- ভারত-- গ্যাস পাইপ লাইন স্থাপনে বাংলাদেশ সহায়তা না করলে মায়ানমারের গনতন্ত্রপ্রিয় জনগণ খুশি হবে।

সোয়ে গ্যাস মুভমেন্ট নেতারা বলেন, মায়ানমার বর্তমানে থাইলান্ডে গ্যাস রপ্তানি করছে। এ ছাড়া ভারত, কোরিয়াসহ অন্যান্য দেশে রপ্তানির জন্যে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। মায়ানমারে প্রচুর গ্যাস সম্পদ থাকা সত্ত্বেও সে দেশের জনগণের ১০ ভাগও গ্যাস সুবিধা পায়না। বিদ্যুৎ সুবিধাও পায় ১০ ভাগের কম জনগণ।

সংবাদ সম্মেলনে উপস্থি’ত ছিলেন আয়োজক সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি সু লান, চোলাং এ, খাজাং এ, উম্রাওয়া, উমং অং এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সিআর আবরার।