ক্ষমতা ছাড়ার আগে প্রশাসনে রদবদল আনছে জোট সরকার
অক্টোবর মাসে ক্ষমতা ছাড়ার আগে বিএনপি - জামাত জোট সরকার প্রশাসনে রদবদলের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের কিছু শীর্ষ পদসহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যায়ে রদবদল হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়াও ২৯৩ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে উন্নীত করার প্রক্রিয়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। পঁয়তাল্লিশ জন যুগ্ম - সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত।
দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ১০৩ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে জেলা প্রশাসক এবং ১০০ জন সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগের জন্যে একটি ফিট লিস্ট তৈরি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রদবদলের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকদের নিয়োগ ও বদলি করা হবে।
অন্য একটি সুত্র জানায়, বিটাক’র অতিরিক্ত সচিব মিজানুর রহমান মজুমদার, কৃষি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ এনায়েতুর রহমান, খাদ্য মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব এহসান - উল ফাত্তাহ ও বিসিকের চেয়ারম্যান ওসমান গনিকে সচিব পদে পদোন্নতি দিতে প্রধানমন্ত্রীর দপ্তরে সার সংক্ষেপ পাঠানো হয়েছে।
সুত্র আরো জানায়, চুক্তির মেয়াদ শেষের আগেই মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম সরে যেতে চাচ্ছেন। তিনি জামালপুরের ইসলামপুর থেকে আগামী নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হবেন। ইতোমধ্যে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তা’ এখনও গৃহীত হয়নি।
এদিকে যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ রোববার শেষ হচ্ছে।
সুত্র জানায়, আগামী মাসের মাঝামাঝি ’৭৭, ’৭৯, ’৮১ ও ’৮২ ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে ৪৫ জন যুগ্ম - সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া প্রায় চুড়ান্ত হয়েছে। এদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ বা মামলা না থাকার ব্যাপারে দূর্নীতি দমন কমিশনের ছাড়পত্র নেওয়া হয়েছে। এছাড়া ’৮৫ বিশেষ ব্যাচসহ নবম ব্যাচের ২৯৩ জন সিনিয়র সহকারী সচিবকে উপ - সচিব পদে পদোন্নতির তালিকা চুড়ান্ত করা হয়েছে।
সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক সদস্য জানান, পদোন্নতির ক্ষেত্রে সৃষ্ট জট খুলতেই এ পদোন্নতির উদ্যোগ নেয়া হয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অভিজ্ঞতার জন্য মাঠ পর্যায়ে সাত বছর কাজ করার নিয়ম পরিবর্তন করে পাঁচ বছর করা হচ্ছে।
তিনি জানান, নীতিমালা পরিবর্তনের একটি প্রস্তাব সংস্থাপন মন্ত্রনালয় থেকে পিএসসিতে পাঠানো হয়েছে। সরকার ক্ষমতা ছাড়ার আগেই প্রস্তাবটি অনুমোদন করা হবে।
