তত্ত্বাবধায়ক সরকার আমলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে: কবির তালুকদার
দেশে বিদ্যুৎ ঘাটতি অব্যাহত থাকলেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার মঙ্গলবার বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে এ পরিস্থিতির উন্নতি ঘটবে।
জাতীয় প্রেসক্লাবে ‘মিট দ্য এনার্জি রিপোর্টার্স’ এ অংশ নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ১৪ টি বিদ্যুৎ ইউনিটের মেরামত ও ব্যবস্থাপনার কাজ শেষ হলে তত্ত্ববধায়ক সরকার আমলে এ পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স এর আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন এর সভাপতি মোল্লা আমজাদ হোসেন।
প্রতি ছয় মাস অন্তর বিভিন্ন বিদ্যুৎ ইউনিটের মেরামত ও মেইনটেইনেন্সের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এর আগে কাজটি সঠিকভাবে করা হয়নি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আনম রিজওয়ান বলেন, বন্ধ হয়ে যাওয়া ১৪টি বিদ্যুৎ ইউনিটের মধ্যে দুটি ইউনিট এক মাসের মধ্যে উৎপাদন শুরু করবে। আরো ১০টি ইউনিট এ বছরের অক্টোবরের মধ্যে চালু করা সম্ভব হবে। বাকি দুটির জন্য আরো সময় দরকার বলে তিনি জানান।
অক্টোবরের মধ্যে ১২টি ইউনিট উৎপাদন শুরু করলে ৪০০ থেকে সাড়ে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের সচিব এএনএইচ আখতার হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সদস্য খান লোদী।
সূত্র জানায়, ১০ জুলাই বিদ্যুতের উৎপাদন ছিল ৩৪১৬ মেগাওয়াট অন্যদিকে লোড শেডিং ছিল পিক আওয়ারে ৫৬০ মেগাওয়াট। মঙ্গলবার উৎপাদন কমে ৩২০০ মেগাওয়াটে দাঁড়ায়। এদিন লোড শেডিং ছিল ৮০০ মেগাওয়াট।
মন্ত্রী বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে। বিদ্যুতের উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াটে দাঁড়াবে।
তিনি আরও বলেন, এই খাত থেকে সাড়ে সাত শতাংশ সিস্টেম লস কমানো হয়েছে। এখন তা ২১ শতাংশে রয়েছে। সঠিক পদক্ষেপ নিলে এটা ১০ শতাংশে আনা সম্ভব। যদিও তিনি লক্ষ্য পূরণের কোনো সময়সীমা উল্লেখ করেননি।
আনোয়ারুল কবির তালুকদার জানান, আগামী ১০ বছরে দেশে কোনো বিদ্যুৎ সঙ্কট থাকবে না।
