২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, আরো ৪৯ জন আক্রান্ত

ঢাকা মহানগরীতে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবার ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে আরো ৪৯ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এ নিয়ে গত ২৮ জুন থেকে এ পর্যন্ত শুধু ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে।

সরকারিভাবে অস্বীকার করা হলেও বেসরকারি হিসেবে এ পর্যন্ত ঢাকা, সাভার ও মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডিসিসি সূত্রে জানা যায়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে হলিফ্যামিলি হাসপাতালে ১২ জন, বাংলাদেশ মেডিক্যালে সাতজন, সেন্ট্রাল হাসপাতালে পাঁচজন, পার্কওয়ে জেনারেল হাসপাতালে চারজন, মিটফোর্ড হাসপাতালে চারজন, ইবনে সিনা হাসপাতালে তিনজন, জেনারেল মেডিকেলে দুজন, মনোয়ারা হাসপাতালে দুজন, প্রশান্তি হাসপাতালে দুইজন, কমফোর্ট হাসপাতালে দুজন, বারডেম হাসপাতালে দুজন, প্যান--প্যাসিফিক হাসপাতালে একজন, পদ্মা জেনারেল হাসপাতালে একজন ও ভাসানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।

বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি হাসপাতালের শিশু বিভাগে ডেঙ্গু রোগীদের জন্যে আসন সংকট দেখা দিয়েছে। ডেঙ্গু আক্রমনের ব্যাপকতার কারণে হাসপাতালগুলো আসন বরাদ্দ করতে পারছে না। ফলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। এসব হাসপাতালেও আসন বরাদ্দ করতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

এছাড়াও ডেঙ্গু রোগবাহি এডিস মশা নিধনে ডিসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু রোগীদের বাসাবাড়ির আশেপাশের ৫০০ গজের মধ্যে ফগিং ও লার্ভিসাইডিংয়ের ব্যবস্থা করছে।

ডিসিসির এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু থেকে রক্ষা পেতে বাসাবাড়ির পরিচ্ছন্নতা এবং বিভিন্ন স্থানে পাঁচদিনের বেশি সময় জমে থাকা পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে।