১৭ আগস্ট বিস্ফোরণ: কুড়িগ্রামে ৪ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
কুড়িগ্রামের একটি আদালত মঙ্গলবার ২০০৫ সালের ১৭ আগস্ট শহরের ছয়টি স্থানে বোমা বিস্ফোরণের দায়ে চারজন জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- নাগেশ্বরী উপজেলার আলহাজ মো: শামছুল হুদা (৪৮), হাফেজ মো: হাবিব উল্যাহ ওরফে হাবিব ওরফে হাবিবুর রহমান (২৬), একরামুল হক (২৩) এবং রাজারহাট উপজেলার সাহেব সরকার (৩০)। এদের মধ্যে একরামুল হক পলাতক রয়েছে।
সকাল ১১টায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল জজ নং-২ এর বিচারক ফারজানা বেগম ৫১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
গ্রেপ্তারকৃত তিন জেএমবি সদস্যদের মধ্যে জঙ্গি সাহেব সরকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
২০০৫ সালের ১৭ আগস্ট কুড়িগ্রাম শহরের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত আসামী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বোমা বিস্ফোরণ ঘটনার পরের দিন এসআই জাকির হোসেন বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৫ সালের ১৮ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করলে ২০০৬ সালের ৪ জানুয়ারি আদালতে চার্জ গঠিত হয়। পরে তদন্তকারী কর্মকর্তা ২৭ ফেব্র“য়ারি আদালতে পুনরায় একটি সম্পূরক চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি রেজাউল করিম দুলাল এবং আসামীদের পক্ষে ছিলেন- অ্যাডভোকেট সোলায়মান আলী এবং রাষ্ট্র কর্তৃক নিযুক্ত অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
