বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২৫
বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছে--ময়মনসিংহের তাবলীগ জামায়াত কর্মী আব্দুর রহমান ব্যাপারী (৭৫), চাঁপাইনবাবগঞ্জের কানসাটের জামাল উদ্দিন (১৮) এবং মাদারীপুরের রাজ্জাক মাতুব্বর (৫০)।
বিডিনিউজের বাগেরহাট প্রতিনিধি জানান, খুলনা--বাগেরহাট সড়কের সোনাতলা এলাকায় শনিবার দুপুরে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় তাবলীগ জামায়াত কর্মী আব্দুর রহমান ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন। মোটর সাইকেল চালক মোহাম্মদ জিয়া (২৬) আহত হয়।
পুলিশ জানায়, নিহত রহমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তাপতারকান্দা গ্রামের বাসিন্দা। তিনি তাবলীগ জামায়াতের একটি দলের সাথে বাগেরহাট এসেছিলেন।
দুর্ঘটনার পরপরই পুলিশ জিয়াকে আটক করে। সে পুলিশ প্রহরায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জিয়া পিরোজপুরের নাছিরপুর উপজেলার কুমারখালী গ্রামের আব্দুল মালেকের পুত্র।
বিডিনিউজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া সড়কে শনিবার বিকেল ৪টার দিকে একটি পণ্যবাহী ট্রাক জামালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জামাল বাঁশবাড়ি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে পুকুরিয়ার বিক্ষুব্ধ জনতা চাঁপাইনবাবগঞ্জ--সোনা মসজিদ সড়কের কানসাট--পুকুরিয়া এলাকায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিডিনিউজের মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী নিতু পরিবহনের একটি লোকাল বাস শনিবার বিকেলে ৪টার দিকে ঢাকা--বরিশাল মহাসড়কের মোস্তফাপুরের ট্রাফিক আইল্যান্ডে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী কয়েকটি দোকানে ঢুকে পড়লে পথচারী রাজ্জাক ঘটনাস্থলেই নিহত এবং বাসযাত্রী ও পথচারীসহ ২৫ জন আহত হন। আহতদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাজ্জাকের বাড়ি মাদারীপুর সদর থানার কুকরাইল গ্রামে।
