২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সংবাদ মাধ্যমের অভিযোগ প্রত্যাখ্যান করলেন বাবর

ভারতের মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের পর বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ প্রত্যাখান করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রধান কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক শেষে শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এ অভিযোগ হাস্যকর।

মন্ত্রী বলেন, এ অভিযোগের পাল্টা অভিযোগ হিসেবে জেএমবি সদস্যদের কাছ থেকে যেসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেগুলো ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে এসেছে, বলা যেতে পারে।

মন্ত্রী ১৭ আগস্টের বোমা হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান।

বৈঠকে মুম্বাইয়ে বোমা হামলা পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি এবং গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসা সম্পর্কে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ তৎপরতা দমনে ব্যর্থতার ব্যাপারে হতাশা প্রকাশ করেন।

বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করে রেখে যাবে। অপরাধীদের তালিকা তৈরির ব্যাপারেও মন্ত্রী র‌্যাবকে নির্দেশ দেন।

সূত্র জানায়, মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের মাধ্যমে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্লেক্সিলোডের বর্তমান সর্বোচ্চ পরিমাণ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করার জন্য টিএন্ডটি মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়ার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে ক্রসফায়ার বেড়ে যাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং র‌্যাব সদস্যদের মানবাধিকার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।

র‌্যাবের সাথে ক্রসফায়ারে এ পর্যন্ত প্রায় ২৭৬ জন নিহত হয়েছে। র‌্যাব সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের জন্য কমপক্ষে ২৩৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪৯টি মামলার নিষ্পত্তি হয়েছে এবং ৩৭ জনকে বরখাস্ত ও কারাদণ্ড প্রদানসহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত করা হয়েছে।