২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার তেরখাদায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি ক্যাডার নিহত

খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী স্লুইচ গেট এলাকায় শনিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) রশীদ গ্র“পের ক্যাডার মিঠু মোল্লা নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহত মিঠু মোল্লার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে। 

পুলিশ সূত্র জানায়, জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের মৃত সোনা মোল্লার ছেলে সন্ত্রাসী মিঠু মোল্লাকে শুক্রবার রাত আড়াইটায় তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানে বের হয়।

পুলিশ শনিবার ভোরের দিকে তাকে নিয়ে উপজেলার হাড়িখালী স্লুইচ গেট এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় । এ সময় সুযোগ বুঝে মিঠু পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দোনালা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এ ঘটনায় তেরখাদা থানায় একটি মামলা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।