২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের ক্রসফায়ারে কথিত ডাকাত নিহত

চট্টগ্রামের বাকলিয়া থানার চর বাকলিয়া এলাকায় শনিবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে একজন কথিত ডাকাত নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহত ডাকাতের নাম মো. ইউসুফ ওরফে হাত কাটা ইউসুফ।

র‌্যাব জানায়, র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উত্তর শিকলবাহা এলাকা থেকে ইউসুফকে গ্রেফতার করে। সে র‌্যাবের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা রাত ২ টায় তাকে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য কর্ণফুলীর চর বাকলিয়া এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইউসুফের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ইউসুফ ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা তিনটি বন্দুক ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে। র‌্যাব সদস্যরা জানায়, ইউসুফের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।