২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে খাদ্যমন্ত্রীর অনুষ্ঠান স্থল থেকে ৩টি বোমা উদ্ধার, কঠোর নিরাপত্তায় অনুষ্ঠানে যোগদান, আপডেট

ফরিদপুর শহরের সিটি কলেজ চত্বরে একটি অনুষ্ঠানের জন্যে তৈরি করা মঞ্চের নিচে থেকে শুক্রবার দুপুরে তিনটি তাজা বোমা উদ্ধার করা হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিকেলে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকায় পুলিশ তল্লাশি চালাতে গিয়ে বোমাগুলো দেখতে পায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সিটি কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-- ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও কলেজ উন্নয়নে আলোচনার জন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যে খাদ্যমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন।

পুলিশ জানায় বোমা তিনটি কেতোয়ালী থানায় একটি বালতির মধ্যে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সমাবেশস্থলের নিরাপত্তা তদারকি করতে গেলে তিনটি তাজা বোমার সন্ধান পায়। পুলিশ বোমাগুলো উদ্ধার করেছে। তবে কে বা কারা এই বোমাগুলো পেতে রেখেছে সে ব্যাপারে পুলিশ কিছু জানতে পারেনি।

ফরিদপুরের পুলিশ পরিদর্শক (এসপি) আনোয়ার কামাল বলেছেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বোমাগুলো পেতে রাখা হতে পারে।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।