মংলা ইপিজেডে বাংলাদেশী লাইট ইঞ্জিনিয়ারিং ফেব্রিকেশন শিল্পে ১.৬৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এবং মেসার্স নবেল হাউজ ষ্টিল ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেডের মধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং ফেব্রিকশেন কারখানা স্থাপনে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্পূর্ণ বাংলাদেশী মালিকানায় মংলা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকায় মেসার্স নবেল হাউজ ষ্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড এই লাইট ইঞ্জিনিয়ারিং ফেব্রিকশেন কারখানা স্থাপন করবে।
বেপজার সদস্য বিনিয়োগ উন্নয়ন প্রশান্ত ভূষণ বড়–য়া এবং নবেল হাউজ ষ্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন প্রতিষ্ঠানের পক্ষে এই লীজ চুক্তি স্বাক্ষর করেন।
স্বদেশী এই কোম্পানী ১.৬৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং বার্ষিক ২,১০০ মেট্রিক টন প্রোপস্ ও ৮৫০ মেট্রিক টন অন্যান্য সামগ্রী উৎপাদন করবে। নবেল হাউজ ষ্টিল কোম্পানীতে ১৪৯ জন বাংলাদেশী ও দুইজন বিদেশী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, সদস্য (অর্থ) মাসুদ আহমেদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন), এ.কে.এম মাহবুবুর রহমান উপমহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন), এম. ফজলুর রহমান ভূইয়া এবং ব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর উপস্থিত ছিলেন।
