নগরীতে ৩ অপমৃত্যু, ২ হত্যা
নগরীতে শনিবার পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে। এছাড়া দুটি হত্যার ঘটনা ঘটেছে। বিকেলে রমনা থানাধীন পরীবাগে নয়তলা ভবন থেকে পড়ে একজন অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু হয়েছে।
এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা রমনা থানা পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
এছাড়া দুপুরে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবন থেকে পড়ে সিরাজ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিরাজ মিয়া পানির ট্যাঙ্ক পরিস্কার করতে ওই ভবনের ছাদে উঠেছিলেন।
এদিকে পুলিশ উত্তরার একটি হাসপাতাল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে।
ওই তরুণীর নাম শাহনাজ আখতার রীনা (১৯)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁও উপজেলার বরদী গ্রামে। তিনি ওই হাসপাতালের আল্টাøোগ্রাফার।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে আল্টাøোগ্রাম রুমে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা তাকে ধর্ষণের পর জবাই করে হত্যা করা হয়।
তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে হাসপাতালের পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল- আজিজুর রহমান, সোহেল রানা, সিরাজুল ইসলাম এবং ওয়ালিউল্লাহ।
অপর এক ঘটনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খিলগাঁও থানাধীন গোরান এলাকার একজন মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরমান। তাকে শুক্রবার রাতে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করা হয়।
সাথে সাথে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার সকালে তিনি মারা যান।
অন্যদিকে রাজধানীর খিলক্ষেতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের একজন সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে।
তার নাম ফরিদ উদ্দিন আহমেদ (৬৪)।
সূত্র জানায়, সকালে তিনি বাড্ডা এলাকায় বোনের বাসা থেকে বেরিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টরে নিজ বাসায় ফিরছিলেন। বিশ্বরোড প্রগতি সরণীর রেলক্রসিংয়ে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে তিনি রেললাইন পার হতে গেলে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি তথ্য বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা ছিলেন।
