ইবি’ তে শিক্ষক সমিতির নতুন উপাচার্য নিয়োগের দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে এ দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বর্তমান উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে তাকে অপসারন করে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়।
১৮ জুলাই’র মধ্যে নতুন উপাচার্য নিয়োগ না দেয়া হলে শিক্ষক সমিতি নতুন কর্মসূচি গ্রহণ করবে বলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক জানান।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস জানায়, বর্তমান উপাচার্য গত ১৮ জুন থেকে ছুটিতে রয়েছেন। পরে তিনি ফ্যাক্সের মাধ্যমে পূনরায় অনির্দিষ্ট কালের জন্যে ছুটি নিয়েছেন বলেও সূত্র জানায়।
ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ও আনোয়ারুল করীম দায়িত্ব পালন করছেন।
