বান্দরবানে ৩ দিনের টানা বর্ষণে তলিয়ে গেছে কয়েকশ’ বসত ভিটা, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
পার্বত্য জেলা বান্দরবানে তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কয়েকশ’ বসত ভিটা। পাহাড় ধসে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অবিরাম বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা শহরসহ বাঘমারা, কালাঘাটা, কদুখোলা, রুমার প্রায় তিনশ বসত ঘর তলিয়ে যাওয়ায় প্রায় দেড় হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর ও কাশেম পাড়া এলাকায় প্রায় দেড়শ বসত ঘর তলিয়ে গেছে।
গত তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলা শহরের হাফেজঘোনায় সদ্যনির্মিত একটি মসজিদ বিধ্বস্ত হয়ে মাটির সাথে মিশে গেছে।
এলাকার বাসিন্দা ফয়সাল জানান, শনিবার ভোরে আকস্মিকভাবে মসজিদটি ধসে মাটির সাথে মিশে যায়। মসজিদ সংলগ্ন পাহাড় ধসে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান। এছাড়া সাঙ্গু নদীর ভাঙ্গনে শহরের ক্যাচিংঘাটায় বিদ্যুৎ বিভাগের সাব স্টেশন ও রেস্ট হাউস এখন হুমকির মুখে।
বান্দরবান বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাঙ্গু নদী তীরবর্তী বিদ্যুৎ সাব স্টেশন এলাকার ১০ হাত মাটি ধসে গেছে। যে কোনো সময় পুরো সাবস্টেশনটি ধসে পড়ার আশংকা রয়েছে।
পাহাড় ধসের কারণে শনিবার ভোর থেকে বান্দরবানের সাথে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং জেলার অভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে তিনদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু, মাতামুহুরী এবং বাঁকখালী নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরে সাঙ্গু নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে।
