নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের নাগরিক অধিকারের আগে পানি ভাগাভাগির জাতীয় অধিকার নিশ্চিত করতে হবে ঃ মওদুদ
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ শনিবার বলেছেন, দেশের নাগরিকদের জন্য নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করার আগে আর্ন্তজাতিকভাবে পানি ভাগাভাগির জাতীয় অধিকার নিশ্চিত করতে হবে।
রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় শনিবার আইনমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মোট পানির ৯৩ শতাংশই বৃষ্টি ও উজান দেশগুলো থেকে নেমে আসা পানি হলেও প্রতিবেশী দেশ ভারতের উদাসীনতার কারণে আঞ্চলিক পানি ভাগাভাগির মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ পানি নিশ্চিত করা সম্ভব হয়না।
নগরীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে উন্নয়ন সংস্থা ‘ অধিকার ’ এবং ‘ অ্যাকশন এইড বাংলাদেশ’ যৌথভাবে ‘ আইনগত অধিকারের ভিত্তিতে পানির অধিকার : ডব্লিউটিও নীতিমালা ও জনগণ ’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
অ্যাকশন এইড বাংলাদেশের শিহাব উদ্দিন আহম্মেদ বৈঠকে সঞ্চালকের ভূমিকা পালন করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি বাংলাদেশ টুডের সম্পাদক আসাফউদ্দৌলা, কলাম লেখক জগলুল আহম্মেদ চৌধুরী, ঢাকা কমিউনিটি হাসপাতালের ড. মাহমুদুর রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, ব্র্যাকের মানব সম্পদ বিভাগের পরিচালক আফসান চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সমন্বয়ক ড. মুশতাক হোসাইন, ইউবিআইএনআইজি’র নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ড. দিপু মনি, এপি’র ব্যুরো প্রধান ফরিদ হোসেন এবং নাগরিক উদ্যোগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস।
