ধামরাইয়ে বাস--ট্যাক্সিক্যাব মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৪০
ঢাকা--আরিচা মহাসড়কের ধামরাই ডাউটিয়া বাসস্ট্যান্ডে বুধবার বিকেলে একটি যাত্রীবাহী বাস ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি ছিটকে পাশের ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের যাত্রী অজ্ঞাত পরিচয় এক শিশু এবং এক বৃদ্ধা নিহত হয়। কমপক্ষে ৪০ জন বাসযাত্রী আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।
আহতদের ধামরাই, মানিকগঞ্জ, সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রশিদ শিকদার জানান, উদ্ধার কাজ এখনো চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
